চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে পালিয়েছে অস্ত্র মামলার এক আসামি।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনে কোতোয়ালি থানা সংশ্লিষ্ট জিআরও (জেনারেল রেজিস্টার অবটেইনার) থেকে কাস্টডিতে নেওয়ার পথে নুরুল আবছার নামে ওই আসামি পালিয়ে যায়।
নুরুল আবছার মঙ্গলবার রাতে নগরীর টাইগারপাস এলাকা থেকে একটি ছোরাসহ গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
আবছারকে বুধবার ওই মামলায় আদালতে হাজির করাতে নিয়ে যাওয়া হয়েছিল বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, জিআরও’র কক্ষ থেকে আদালত হাজতে নেওয়ার সময় নুরুল আবছারের হ্যান্ডকাফ খুলে ফেলার পর সে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সদীপ কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫১ ঘ.
bdnews24