ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের শেষ ১০ দিন ‘এতেকাফে’ বসতে সৌদি আরব গেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
খালেদা জিয়া মদিনায় মসজিদুল নব্বীতে রমজানের শেষ ১০ দিন বিশেষ এবাদত ‘এতেকাফে’ বসবেন। এরপর তিনি ওমরাহ পালন করবেন বলে জানিয়েছেন খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান।
বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের বিমানে খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমান বন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান দলীয় নেতা সেলিমা রহমান, শাহজাহান ওমর, খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী প্রমুখ।
যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও বিমানবন্দরে ছিলেন।
মারুফ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে বিরোধীদলীয় নেতার এই সফর হচ্ছে।
মদিনায় এতেকাফের পর মক্কায় ওমরাহ ও শবে কদর পালন শেষে বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে তিনি জানান।
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরা।
সর্বশেষ গত ১৫ জুন বিরোধীদলীয় নেতা চিকিৎসার জন্য সৌদি আরব যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪৪ ঘ.
bdnews24