২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানিদের সঙ্গে গুলি চালায় কাদের মোল্লাও’

একাত্তরে কেরানীগঞ্জে নিরীহ বাঙালি হত্যাকাণ্ডে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাও ছিলেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন এক সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে কেরানীগঞ্জে নিরীহ বাঙালি হত্যাকাণ্ডে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাও ছিলেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন এক সাক্ষী। আব্দুল মজিদ পালোয়ান বলেছেন, তিনি একাত্তরের ২৫ নভেম্বর কাদের মোল্লাকে রাইফেল হাতে বাঙালিদের গুলি চালাতে দেখেছেন। ঢাকার কেরানীগঞ্জের এই বাসিন্দা বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কাদের মোল্লার বিরুদ্ধে সপ্তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। একাত্তরে ‘মিরপুরের জল্লাদ’ হিসেবে পরিচিতি পাওয়া কাদের মোল্লার বিরুদ্ধে গত ২৮ মে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ছয়টি অপরাধের ঘটনায় অভিযোগ গঠন হয়। এর আগে ২৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। মজিদ পালোয়ান সাক্ষ্যে একাত্তরের ২৫ নভেম্বরের ঘটনা তুলে ধরেন, যেদিন তিনি হত্যাকাণ্ডে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলকে দেখেছেন বলে জানিয়েছেন। মজিদের বক্তব্য অনুযায়ী, সেদিন কেরানীগঞ্জের ঘাটারচর গ্রামে তার ঘুম ভাঙে গুলির শব্দে। তিনি এগিয়ে গাছের আড়াল থেকে দেখেন, পাকিস্তানি সৈন্যরা গুলি চালিয়ে মানুষকে হত্যা করছে। “সেখানে কোর্তা ও পাজামা পরা কয়েকজন ছিলেন, যাদের একজন কাদের মোল্লা (যার নাম পরে তিনি স্থানীয়দের কাছ থেকে জেনেছেন)। তার হাতে ছিল একটি রাইফেল এবং তা থেকে গুলিও চালাচ্ছিল সে,” বলেন মজিদ। সেদিন ভাটারচরে অন্তত ৬০ জনকে গুলি চালিয়ে হত্যা করা হয় বলে জানান তিনি। মজিদ বলেন, ঘটনার দেখার সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ খানের কাছে এবং তাকে সব বলেন। কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা মোজাফফর। সাক্ষ্য দেওয়ার পর মজিদ পালোয়ানকে জেরা করেন আসামি পক্ষের কৌঁসুলি আব্দুস সোবহান তরফদার। রোববার পুনরায় তাকে জেরা করা হবে। কাদের মোল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে মিরপুরের পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়িতে অসংখ্য মানুষকে হত্যা। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮৩৩ ঘ.