ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায়ে জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন বিএনপির মাহমুদুল হাসান।
বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, জাফরুল ইসলাম চৌধূরী এমপি, মো. শহীদ উদ্দীন চৌধুরী এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, নিলোফার চৌধুরী মনি এমপি এবং রাশেদা বেগম হীরা এমপি উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মো. মাহ্ফুজুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শপথ অনুষ্ঠানে অংশ নেন।
শপথ নিয়ে মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, “আল্লাহ অনিয়ম পছন্দ করেন না। দেরি হলেও ন্যায়ের জয় হয়েছে।”
বিএনপির সংসদ বর্জনের মধ্য দিয়ে এমপি হিসেবে তিনি কতখানি দায়িত্ব পালন করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সময় কম থাকলেও সর্বোচ্চ ব্যবহার করবো। আমার এ অভিজ্ঞতা রয়েছে।”
২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ হাজার ৮০৫ ভোট পান বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান।
পরে আবুল কাশেমকে বিল ও ঋণখেলাপি উল্লেখ করে মাহমুদুল হাসান ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে ওই আসনে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।
সবশেষে রায় পুনর্বিবেচনার জন্য আবুল কাশেম রিভিউ পিটিশন দাখিল করলে তাও খারিজ হয়ে যায়।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৬৫৬ ঘ.
bdnews24