ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড নিয়ে পালিয়ে থাকা ছয়জনকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সাহারা বলেন, “খুনিদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের ফিরিয়ে আনবই আনব।”
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচজনের রায় ২০১০ সালের ২৮ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয়। তবে মৃত্যুদণ্ডে দণ্ডিত ছয়জন এখনো বিদেশে পালিয়ে রয়েছেন।
পলাতকরা হলেন- এস এইচ এম বি নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, খন্দকার আব্দুর রশিদ, এম এ রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেহউদ্দীন ওরফে মুসলেমউদ্দিন।
এর মধ্যে নূর চৌধুরী কানাডায় রয়েছেন। ডালিমের সর্বশেষ অবস্থান লিবিয়ায় সনাক্ত করা হয়। মাজেদ ও মোসলেহউদ্দীন ভারতে পালিয়ে রয়েছেন বলে ধারণা করা হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট এই সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিদেশে থাকায় বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
ছাত্রলীগের আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ারও সমালোচনা করেন সাহারা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের রাজাকারদের নিয়েই ২০০১ সালে নির্বাচনে কারচুপি করে জিতেছিল বিএনপি।
“সেই কুচক্রি মহলই দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা শুরু করেছে।”
ধ্বংসাত্মক কাজে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24