২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম-অধিকার আন্দোলনের ডাকে রাঙামাটিতে অবরোধ

পাহাড়ে বসবাসরত বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের ডাকে মঙ্গলবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি কোনো ধরনের গোলযোগ ছাড়াই পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

রাঙামাটি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ে বসবাসরত বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের ডাকে মঙ্গলবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি কোনো ধরনের গোলযোগ ছাড়াই পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধিত ধারা বাতিল এবং এই সংশোধনী বিল সংসদে উপস্থাপন না করার দাবিতে এই কর্মসূচি ডাকা হয়। ভোর ৬টা থেকে শুরু হওয়া সড়ক ও নৌপথ অবরোধের কারণে জেলা শহর থেকে দূরপাল্লার যানবাহন এবং নৌপথে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। জেলা শহর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধকারীরা সকালে শহরের প্রধান সড়কে মিছিল করে। সম-অধিকার আন্দোলন জেলা শাখার একাংশের নেতা পেয়ার আহম্মদ খান এবং পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি আল আমিন ইমরানের এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভূমি কমিশন আইন সংশোধন বাতিল না করে সংসদে বিল আকারে উপস্থাপন করলে ঈদুল ফিতরের পর লাগাতার হরতাল দেওয়া হবে। গত ৩০ জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১-এর ২৩টি ধারার মধ্যে ১৩টি ধারা সংশোধনের প্রস্তাব গ্রহণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে ভূমি কমিশনের আইনের ধারা সংশোধনের দাবি জানানো হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.