নারায়ণগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সোমবার রাতে ‘যুবলীগ’ সমর্থকরা স্থানীয় এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে।
এ সময় গুলিবিদ্ধ হন নিহত রাসেলের (২৪) মা মহিলা আওয়ামী লীগের কাঞ্চন পৌরসভার সভানেত্রী সামসুন্নাহার বেগম।
এদিকে, বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এর আগে সকালে এলাকাবাসী তিনঘণ্টা গাজীপুর-মদনপুর সড়ক অবরোধ করে।
রাসেলের মা সামসুন্নাহার বেগম সাংবাদিকদের বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে স্থানীয় যুবলীগের সফিক মিয়া, আবুল হোসেন, নয়ন, রবিউলসহ ১৫/২০ জন সন্ত্রাসী পিস্তল, রামদা, চাপাতিসহ অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট ছেলে রাশিদুল ইসলাম রানাকে হত্যা করতে তাদের ঘরে ঢোকে।
কিন্তু রানাকে না পেয়ে তার বড় ছেলে রাসেলকে তার সামনে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়।
“হামলাকারীরা ৫/৬ রাউন্ড গুলি ছোড়ে। এরমধ্যে রাসেলের শরীরে দুইটি গুলি লেগেছে। ছেলেকে বাঁচাতে গেলে আমিও গুলিবিদ্ধ হই,” বলেন সামসুন্নাহার।
এলাকার লোকজন রাসেল ও তার মাকে ভুলতা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীরা রাসেলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে তার পিঠে দুটি গুলি লাগে। রাসেলকে বাঁচাতে গিয়ে তার মা-ও গুলিবিদ্ধ হন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মঙ্গলবার ইফতারের পর বিক্ষুব্ধ লোকজন পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আগুন দেয়।
পরে পুলিশ ও অগ্নিনির্বাপক দলের সদস্যরা গিয়ে আগুন নেভায়।
তিনি জানান, এর আগে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত এলাকাবাসী কাঞ্চন কালাদি এলাকায় গাজীপুর-মদনপুর সড়ক অবরোধ করে রাখে। তারা টায়ারে অগ্নিসংযোগ এবং দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।
পরে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।
ওসি আতিকুর রহমান খান বলেন, সামসুন্নাহার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুর্লিশ চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪১ ঘ.
bdnews24