ঝিনাইদহ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্র“পের বিরোধের জেরে মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপার কয়েকটি গ্রামে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে ঝিনাইদহ ও শৈলকুপা থানা পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে চলাচল স্বাভাবিক হয়।
আহত চারজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল হালিম মোল্লা সাংবাদিকদের বলেন, রোববার শৈলকুপার শেখপাড়া বাজারে ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের ওপর হামলা হয়।
এ ঘটনা জন্য তার প্রতিপক্ষ ইবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী গাফফারের গ্র“পকে দায়ী করছে তারা।
এর জেরে সকাল থেকে গাফফারের গ্রাম বড়দা, পাশের শ্রীপুর ও শেরপুর এবং তুহিনের পক্ষে বসন্তপুর ও শেখপাড়া গ্রামবাসী দেশি অস্ত্রশস্ত্রসহ অবস্থান নেয়।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু’দলের সমর্থক গ্রামবাসীর সঙ্গে পুলিশের অন্তত পাঁচদফা সংঘর্ষ হয়। সংঘর্ষ কয়েকটি গ্রাম এবং খুলনা-কুষ্টিয়া মহাসড়কে ছড়িয়ে পড়ে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড়দাহ থেকে চড়–ইবিল ও শেখপাড়া বাজার পর্যন্ত রণক্ষেত্র পরিণত হয়।
সংঘর্ষ চলাকালে শৈলকুপার বড়দাহ এলাকায় একটি বিআরটিসি বাস ভাংচুর এবং ওই বাসের ১২ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে শৈলকুপা থানার কনস্টবেল শরিফুল ইসলামও রয়েছেন। বাকিদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৬২৩ ঘ.
bdnews24