ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেয়।
রোজায় এতেকাফ পালনের জন্য এবং স্ত্রীর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মুজাহিদের পক্ষ থেকে জামিনের এই আবেদন করা হয়েছিল।
শুনানি শেষে ট্রাইব্যুনাল বলেছে, এ বিষয়গুলো জামিনের জন্য কোনো ‘কারণ’ হতে পারে না।
তাছাড়া আন্তর্জাতিক অপরাধ আইনে জামিনের কোনো বিধান নেই বলেও বিচারক উল্লেখ করেন।
এই আবেদনের বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি করেন মুজাহিদের আইনজীবী নজুল ইসলাম। প্রসিকিউশনের পক্ষে ছিলেন মীর ইকবাল হোসেন ও মোহাম্মদ আলী।
একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার সাত ঘটনায় গত ২১ জুলাই মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন মুজাহিদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে বলা হয়েছে, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্রসংঘের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মুজাহিদ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্নস্থানে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
২০১০ সালের জুন মাসে গ্রেপ্তার হন জামায়াতের এ নেতা। গত ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৪০৩ ঘ.
bdnews24