ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের শেষ দশ দিন বিশেষ এবাদত এতেকাফে কাটাতে এবং ওমরাহ পালনে বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদা জিয়া মদিনার মসজিদে নববীতে এতেকাফ করবেন।
“বুধবার রাত ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন চেয়ারপার্সন। প্রতিবছরের মতো এবারও তিনি রমজানের শেষ ১০ দিন এতেকাফে থাকবেন।”
এছাড়া বিরোধী দলীয় নেতা সৌদি আরবে ওমরাহও পালন করবেন বলে জানান তার প্রেস সচিব।
মারুফ কামাল খান বলেন, সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে এই সফর শেষে খালেদা জিয়া শবে কদরের পর দেশে ফিরবেন।
এই সফরে ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলেসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বলে জানান তিনি।
চিকিৎসার জন্য গত মাসেও সৌদি আরব গিয়েছিলেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৩০০ ঘ.
bdnews24