২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির রেকর্ড গড়েছে’

বর্তমান সরকারকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তিনি বলেন, “এই সরকারকে বিশ্বব্যাংক দুর্নীতিবাজের সার্টিফিকেট দিয়েছে। সরকার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির রেকর্ড গড়েছে।” সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে আমীর খসরু দাবি করেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখন ‘গণমানুষের দাবিতে’ পরিণত হয়েছে। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে এ ব্যবস্থা মানতে চাচ্ছেন না। কিন্তু দেশের জনগণ তাদের এই ‘দুঃস্বপ’œ সফল হতে দেবে না। সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে বাধ্য করা হবে বলেও হুমকি দেন তিনি। নগর বিএনপি’র সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর সহ-সভাপতি আবু সুফিয়ান, আবুল হাশেম বক্কর, কাজী বেলাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম/এমসি/এইচএ/১৯৪৯ ঘ.