২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৮ দলের সমাবেশে ‘ছাত্রলীগ’র হামলা

বরিশাল নগরীতে ১৮ দলের সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

বরিশাল, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে ১৮ দলের সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে এই সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির সাংবাদিকদের বলেন, বিদেশে পলাতক ১৫ অগাস্ট হত্যাকাণ্ডের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি দেয় জেলা ছাত্রলীগ। সকালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে তাদের এই কর্মসূচির পর ১৮ দল কর্মসূচি শুরু করে। ওই সময় সেখানে কয়েকজন ছাত্রশিবির নেতাকর্মীকে দেখে ছত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। কিছুক্ষণ পর ১৮ দলের নেতাকর্মীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারা। এরপর শিবিরের কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল বের করে, বলেন এসআই গোলাম কবির। বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। কিন্তু কোনো উস্কানি ছাড়াই মহানগর ছাত্রলীগ সভাপতি জসীমউদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ সমর্থকরা মোটরসাইকেযোগে এসে ইটপাটকেট নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে ধাওয়া করে,” বলেন তিনি। তিনি বলেন, ১৮ দলের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন বলেন, “আমরা হামলা করিনি। জামায়াত-শিবিরের লোকজন আমাদের দেখে পালিয়ে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৩ ঘ.