২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রলীগের’ হামলা, ভাঙচুর: পুলিশের অবহেলার অভিযোগ

ঝালকাঠী শহরে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে হামলা ও ভাংচুরে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঝালকাঠী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী শহরে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে হামলা ও ভাংচুরে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে শহরের পূর্ব চাঁদকাঠী এলাকায় এ হামলায় এক পরিবারের ১০ জন আহত হয়েছেন। এছাড়া হামলা চলাকালে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা কেড়ে নিয়ে ছাত্রলীগ নেতা ধারণকৃত অংশ মুছে দেন বলে অভিযোগ করা হয়। এদিকে হামলার শিকার পরিবারের সদস্যদের অভিযোগ, সকাল সাড়ে ৫টায় হামলার খবর সঙ্গে সঙ্গে জানালেও পুলিশ আসে অনেক পরে। এ ঘটনার পর জেলা ছাত্রলীগ সভাপতি হাদিসুর রহমান মিলনের আত্মীয় দুই নারীকে পুলিশ আটক করেছে। হামলায় আহত মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে থেকে চাঁদকাঠী এলাকায় ৩০ শতাংশ জমির মালিকানা নিয়ে ঝালকাঠী জজ আদালতে মামলা চলছিল তার (মাহবুবুর রহমান) সঙ্গে প্রতিবেশী বাদশা মিয়ার। মামলা চলাকালে বাদশা মিয়া জমিটির ৫ শতাংশ জেলা ছাত্রলীগ সভাপতি হাদিসুর রহমান মিলনের কাছে বিক্রি করেন। ওই জমিতে রয়েছে একটি স্টিলের আলমারি তৈরির দোকান এবং তাদের (মাহবুবুর রহমান) বাসাবাড়ি। মাহবুবুর রহমান বলেন, এ জমিতে স্থিতাবস্থা জারি করে আদালত রোববার একটি আদেশ দিয়েছে। আদেশের কপি রাতেই থানায় পৌঁছে দেওয়া হয়। মাহবুবুর রহমানের পরিবারের সদস্য রুমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৫টার দিকে ছাত্রলীগ নেতা মিলন দলবল নিয়ে দোকান ও বাসায় হামলা চালান। “তারা কুপিয়ে আমাদের পরিবারের ১০ জনকে আহত করে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলেও ঘণ্টাব্যাপী হামলায় দোকানসহ ঘরটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর পুলিশ আসে,” বলেন রুমা। এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরাও মানুষ, সেহরি খেয়ে পুলিশ সদস্যরাসহ আমি বিশ্রামে ছিলাম। প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ভাংচুরের ঘটনাটি ঘটে।” তিনি জানান, রোববার ঝালকাঠীর একটি আদালত ওই জমির ওপর স্থিতি ও শান্তিশৃংখলা রক্ষার জন্য ১৪৪ ধারা জারি করে। রাতেই আদালতের নির্দেশের কপিটি আমরা হাতে পাই। সকালে আদেশটি পক্ষগণকে জানানোর আগেই এ ঘটনাটি ঘটেছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ওসি বলেন, “সকাল ৭টায় বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি দু’পক্ষকে জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।” এছাড়া বিরোধপূর্ণ জমিতে যাওয়ার কারণে দুপুরে পুলিশ হাদিসুর রহমানের দুই আত্মীয় জান্নাত বেগম (৪০) ও জেসমিন বেগমকে (২৪) আটক করেছে। এদিকে, বৈশাখী টেলিভিশনের ঝালকাঠী জেলা প্রতিনিধি রতন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার ক্যামেরা ছিনিয়ে নেয়। “পরে হাদিসুর রহমান মিলন আমার ক্যামেরাটি ফেরত দেন। কিন্তু তার আগে ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রগুলো মুছে ফেলেন।” ছাত্রলীগ নেতা হাদিসুর রহমান মিলন বলেন, স¤প্রতি এ জমি নিয়ে মামলায় আদালতে তাদের পক্ষে রায় হয়। সকালে নিজ জমিতে দখল নিতে গেলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। আর তা প্রতিহত করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। টেলিভিশনের ক্যামেরা কেড়ে নেওয়া বিষয়ে তিনি বলেন, ছেলেপলেরা উত্তেজিত হয়ে এ কাজ করেছে। তাছাড়া ক্যামেরা তো ফিরিয়ে দেওয়া হয়েছে। ঝালকাঠী সদর হাসপাতালের চিকিৎসক মো. হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় আহত মাহবুবুর রহমান (৪৫), হিরু (৩৫), অহেদুজ্জামান (৩৫), খুকু (৩৫) ও নিহারকে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রওশনারা বেগম (৬০), আম্বিয়া খাতুন (৭৫), মনির (৩২), মুক্তা (৩০) ও রুমা আক্তারকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঝালকাঠীর পুলিশ সুপার মো. মজিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫৭ ঘ.