ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকে অভ্যন্তরীণ শত্রু থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, এদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, সিট দখল, বাসে-ট্রেনে চড়ে ভাড়া না দেওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া এসব ছাত্রলীগকর্মীরা করে না। যারা এসব করে তারা ঘরের শত্রু বিভীষণ।”
তাদের হাত থেকে সংগঠনকে রক্ষা করতে কোনো ছাড় দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন ছাত্রলীগের এই সাবেক সভাপতি।
শেখ কামালের ছাত্র জীবনের আদর্শ বর্তমান ছাত্রলীগের রাজনীতিতে অনুসরণ করার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী কাদের বলেন, “শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী, তিনি ছিলেন শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ও শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব।”
ছাত্রলীগ সভাপতি এইচ এম.বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২২৪ ঘ.
bdnews24