মাগুরা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে রোববার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বিকালে ছায়াবীথি সড়কে এ হামলায় আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সদস্য পলাশ খান (৩২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ (৩৩)।
আশঙ্কাজনক অবস্থায় পলাশকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোস্তাককে ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে।
মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে ফোনে ছোট ভাই দুর্ঘটনায় পড়ার খবর পান পলাশ।
“খবর পেয়ে তার সঙ্গে আমিও ছায়াবীথি সড়কে যাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে একদল সন্ত্রাসী অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে আমাদের কোপায়।”
তবে, হামলার কারণ এবং হামলাকারীদের সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার ক্যাবল (ডিশ) ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।
বিষয়টির তদন্ত হচ্ছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি আসাদুজ্জামান মুন্সি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১০৫ ঘ.
bdnews24