২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ গঠন: ফখরুলদের পুনর্বিবেচনার আবেদন খারিজ

হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এ মামলায় অভিযুক্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, খন্দকার মোশারফ হোসেন এবং এলডিপি নেতা অলি আহমেদের পক্ষে রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই পুনর্বিবেচনার আবেদন দাখিল করা হয়। শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক তা নাকচ করে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন অভিযুক্তদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আসামিপক্ষের তুমুল হইচই ও বাগবিতণ্ডার মধ্যে ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম মো. হারুন-অর-রশিদ গত ৩১ জুলাই বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলার অভিযোগ গঠন করেন। বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, অভিযোগ গঠনের ক্ষেত্রে বিচারক আইনের বিধি অনুসরণ করেননি। অভিযোগ গঠনের বিষয়ে ওই আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদনও করেছেন বিএনপি নেতাদের এক আইনজীবী। সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য আছে। এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে হরতালের সময় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই তেজগাঁও থানায় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ। এরপর গত ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭১৫ ঘ.