ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম হারুন-অর-রশিদ তা মঞ্জুর করেন।
গত মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের সময় আমান ও নাজিম আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
একই কারণে ওইদিন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফিরে বৃহস্পতিবার খোকা আাদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
আসামিদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরুর দিন ধার্য রয়েছে।
এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে হরতালের সময় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই তেজগাঁও থানায় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ।
এরপর গত ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭০০ ঘ.
bdnews24