২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্দলীয় সরকারের ঘোষণা এলেই সংলাপ’

ক্ষমতাসীনরা নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের ঘোষণা দিলেই বিএনপি সংলাপে বসতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 09:26 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীনরা নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের ঘোষণা দিলেই বিএনপি সংলাপে বসতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “জনগণের রুদ্ররোষ দেখে কিছুটা হলেও সরকারের বোধদয় হয়েছে, মানুষের ইচ্ছার বাইরে যাওয়া যাবে না। তাই তারা প্রস্তাব দিচ্ছেন, আলোচনার কথা বলছেন।” শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “আমরা আশা করছি, প্রধানমন্ত্রী বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারের মধ্য দিয়ে যে প্রস্তাব দিয়েছেন, সে ব্যাপারে বিরোধী দল ইতিবাচক সাড়া দেবে। অন্তর্বতীকালীন সরকার নিয়ে তারা কোন ইতিবাচক কথা বললেই, ক্ষমতাসীন দল তাদের আলোচনায় বসার আহ্বান জানাতে পারে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় অবস্থান ব্যক্ত করেন। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, “আমরা সংলাপে বিশ্বাসী। কিন্তু সবার আগে সরকারকে ঘোষণা দিতে হবে- আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে। তাহলেই ওই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে। অন্য কোনো বিষয়ে বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে রাজি নয়।” “অন্যথায় আমাদের স্পষ্ট বক্তব্য- সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না”, যোগ করেন ফখরুল। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখান করে মির্জা ফখরুল বলেন, “১৯৯৫ সালে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে কমনওয়েথ মহাসচিবের বিশেষ দূত স্যার স্টিফেন নিনিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ও বিরোধী দলের ৫ জন করে সদস্য নিয়ে একটি র্অর্ন্তবতী সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই সময়ে শেখ হাসিনা সেই প্রস্তাব মানেননি। তিনি বলেছিলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলে আমরা নির্বাচনে যাব না।” “এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টিফেন নিনিয়ানের সেই প্রস্তাবই দিয়ে বলছেন, আমি প্রধানমন্ত্রী থাকব, ছোট আকারের অন্তবর্তী সরকারের বিএনপিও থাকতে পারে। শেখ হাসিনার এই ডুগডুগি গ্রহণযোগ্য নয়”, বলেন তিনি। সরকার ‘মিথ্যা’ মামলা দিয়ে বিরোধী দলকে দমন করতে চায় বলেও ফখরুল মন্তব্য করেন। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ করে ১৮ দলীয় জোট। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে। মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, পিপলস পার্টির সভাপতি সৈয়দ মাহবুব হোসেন, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫২০ ঘ.