২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা দেশকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছেন’

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করায় বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করে বিরোধী দলীয় নেতা দেশকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার দুপুরে পুরান ঢাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, “বেগম খালেদা জিয়া আপনার প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিলো। আপনি প্রস্তাব প্রত্যাখান করে দেশকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছেন। একদিন এর জন্য আপনাকে অনুতাপ করতে হবে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় অবস্থান ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখানকে খালেদা জিয়ার হটকারী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পঞ্চদশ সংবিধান সংশোধন সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত। সংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে পুরান ঢাকায় লালবাগের মদিনা টাওয়ারে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর এই সদস্য খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “মানুষ ভুলে যায়নি আপনার শাসনামলে রমজানে তিনশ’ টাকা কেজি কাঁচামরিচ আর ১শ’ ৩৫ টাকা কেজি বেগুন খেতে হয়েছে। আর বর্তমান সরকারের আমলে জিনিসপত্রের দাম দেখুন। যে সরকারের সময় বাজেটের পর জিনিসপত্রের দাম বাড়ে না, সেই সরকারই প্রকৃত সরকার, এটাই সু-শাসনের লক্ষণ।” ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা প্রসঙ্গে টেনে বর্ষীয়ান এই নেতা বলেন, “যখন প্রধানমন্ত্রী জানতে পারেন, ইলিশ মাছ সাধারণ মানুষ ন্যায্য মূল্যে খেতে পারছে না, তখন ইলিশ রপ্তানি বন্ধ করে দেন। এটাই জনগণের সরকারের লক্ষণ।” ত্রাণ বিতরন কর্মসূচিতে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭১২ ঘ.