ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মতিন চৌধুরী আর নেই। দীর্ঘদিন রোগে ভুগে শনিবার সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
আব্দুল মতিনের ভাতিজা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে বিএনপি নেতার মৃত্যু হয়।
২০০২ সালে মস্তিস্কের রক্তক্ষরণের পর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসাতালে চিকিৎসা হয় মতিনের। এরপর থেকে তিনি অসুস্থতার মধ্যে ছিলেন।
মনিরুজ্জামান চৌধুরী জানান, গত দুই মাস ধরে তার চাচা মনোয়ারা হাসপাতালে ছিলেন।
শনিবার বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতিনের প্রথম জানাজা হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এরপর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
রোববার সকাল ১১টায় মতিনের দ্বিতীয জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মতিন চৌধুরী নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৯৭৯ সাল থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে মতিন প্রথমে বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পান। অসুস্থ হয়ে পড়লে পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রী রাখা হয়।
মতিন ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি দলের সহসভাপতি ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
এক সময়ের মুসলিম লীগ নেতা মতিন চৌধুরী ১৯৭৮ সালে বিএনপি গঠন হলে এই দলে যোগ দেন।
মতিনের জন্ম ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর রূপগঞ্জের কাঞ্চনে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অকৃতদার।
দলীয় নেতা মতিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বাস্তবায়নে আব্দুল মতিন চৌধুরী বিশাল অবদান রেখে গেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সহসভাপতি সাদেক হোসেন খোকাও সাবেক মন্ত্রী মতিনের মৃত্যুতে শোক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২১৬ ঘ.
bdnews24