২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্তর্বর্তীকালীন সরকার’ মানবে না বিএনপি

বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব আবারও প্রত্যাখান করেছে বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১৮ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ইফতারপূর্ব আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর এই প্রস্তাব স্থায়ী কমিটি প্রত্যাখান করেছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, নির্বাচনকালীন সময়ের নির্দলীয় নিরপেক্ষ সরকার হতে হবে। ওই সরকারের মন্ত্রিসভায় কোনো দলীয় ব্যক্তি থাকতে পারবে না।” “তাই সরকারকে বলব, জনগনকে বিভ্রান্ত না করে দয়া করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি অবিলম্বে সংবিধানে সংযোজন করুন। ঈদের পর আন্দোলনের মাধ্যমে এই দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে”, যোগ করেন তিনি। লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহ্বানও জানান তিনি। গত বছর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, ফলে আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে। আওয়ামী লীগ অনির্বাচিত কারো কাছে ক্ষমতা ছাড়ার পক্ষপাতি না হলেও বিএনপি এর বিপরীত অবস্থান নিয়েছে। এনডিপির আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে ১৮ দলীয় জোটের শরিক নেতারা অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী লন্ডনে গিয়ে বিসিসিতে সাক্ষাতকারের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে ছোট আকারের মন্ত্রিসভার কথা বলেছেন। এই প্রস্তাব আমাদের কাছে গ্রহনযোগ্য নয়। নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে, তখনই কেবল ওই সরকারের গঠন কাঠামো নিয়ে বর্তমান সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।” তিনি বলেন, “প্রধানমন্ত্রী অন্তর্বতীকালীন সরকারের প্রস্তাব দিয়ে জনগনকে বিভ্রান্ত করেছেন। আসলে তারা দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে চায়।’’ ‘গ্রামীণ ব্যাংক ধ্বংসের পায়তারা’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংক এর অধ্যাদেশ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তারা নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত এই ব্যাংককে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির প্রস্তাব অনুমোদন করা হয়। এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বোর্ডের পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল নির্বাচন করবেন। এ প্যানেল থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করবেন তিনি। দুঃস্থ নারীদের মালিকানা খর্ব করতে সরকার গ্রামীণ ব্যাংকের আইনের সংশোধনী আনছে অভিযোগ করে ফখরুল বলেন, “আমরা জানতে পেরেছি, মন্ত্রিসভার অনুমোদিত সংশোধন প্রস্তাবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে পরিচালকদের ক্ষমতা হ্রাস করার কথা বলা হয়েছে। এর ফলে দুঃস্থ নারীরা যারা গ্রামীণ ব্যাংকের পরিচালক আছেন, তাদের ক্ষমতা খর্র্বিত হবে।’’ তিনি বলেন, “সরকার কেবল গ্রামীণ ব্যাংকই নয়। দেশের পুরো অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।” সংগঠনের সভাপতি খন্দকার গোলাম মূর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সোস্যাল ইনভেস্টমেন্টের ব্যাংকের প্রতিষ্ঠাতা এম এ মান্নান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, পিপলস পার্টির সভাপতি গরীবে নেওয়াজ, ন্যাপ-ভাসানী শেখ আনোয়ারুল হক, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, এনডিপি‘র মহাসচিব আলমগীর মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন। নয়া পল্টনে একটি হোটেলে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অপর এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, “সরকার রাষ্ট্রায়াত্ব ব্যাংক থেকে কয়েক হাজার কোটি লোপাট করেছে। কেবল তাই নয়, ঋণ নিয়ে ব্যাংকগুলোকে তারা তারল্য সংকট ও দেউলিয়া করে দিয়েছে।” অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় শ্রমিক দলের মহানগর মহানগর নেতা নুরুল ইসলাম খান নাসিম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/২০২৫ ঘ.