ঢাকা,আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডনকমটকম)- প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট।
এর অংশ হিসাবে ৫ অগাস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জোট কর্মীরা। আর পরদিন ৬ আগস্ট বিক্ষোভ সমাবেশ হবে সারাদেশে।
শুক্রবার সকালে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার অভিযোগ গঠন করে ঢাকার দ্রুত বিচার আদালত।
বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন, এই অভিযোগ গঠনের ক্ষেত্রে আইনের বিধি সঠিকভাবে মানা হয়নি।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পারওয়ার, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের অধ্যাপক আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির খন্দকার সিরাজুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সচিব আবদুস সালাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলমগীর মজুমদার, মুসলিম লীগের আতিকুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির হামদুল্লাহ মেহেদী, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূইয়া, কল্যাণ পার্টির আব্দুল মালেক চৌধুরী, পিপলস লীগের সৈয়দ মাহাবুব হোসেন, ইসলামিক পার্টির আবদুর রশিদ প্রধান এবং ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬২৮ ঘ.
bdnews24