২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের অভিযোগ গঠন বিধি ভেঙে: বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ক্ষেত্রে আইনের বিধান সঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 07:05 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ক্ষেত্রে আইনের বিধান সঠিকভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “কোনো মামলায় অভিযোগ গঠনের সময় আদালত আসামিদের জিজ্ঞেস করবে- তারা ওই ঘটনায় জড়িত কি না।” “গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় আদালত কোনো প্রশ্ন না করেই তড়িঘড়ি অভিযোগ গঠন করেছে। এটা বিদ্যমান আইনের সুস্পষ্ট লঙ্ঘন”, যোগ করেন তিনি। রফিকুল অবিলম্বে এই ‘মিথ্যা’ মামলা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে গত মঙ্গলবার অভিযোগ গঠন করে ঢাকার দ্রুত বিচার আদালত। এর প্রতিবাদে বিএনপিপন্থী সংগঠন স্বাধীনতা ফোরাম জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানবন্ধন করে। রফিকুল ইসলাম মিয়া বলেন, “অভিযোগ গঠনের সময় ৪০ জন নেতার পক্ষে আলাদাভাবে আইনজীবী নিয়োগের জন্য আদালতের কাছে আবেদন করা হয়। কিন্তু আদালত সেসব আবেদনের নিষ্পত্তি করেননি। এক তরফাভাবে আদালত অভিযোগ গঠন করেছে। এটা নজিরবিহীন।” সুপ্রিম কোর্টের এই আইনজীবী অভিযোগ করেন, গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা হলেও তার চালককেই এতে সাক্ষী করা হয়নি। “জাতীয় নেতারা গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত ছিলেন- তেমন কোনো প্রমাণও মামলার এজাহার বা অভিযোগপত্রে নেই। তাহলে কীভাবে অভিযোগ গঠন হয়”, প্রশ্ন রাখেন রফিকুল। তিনি বলেন, ‘মিথ্যা’ মামলা দিয়ে বা অভিযোগ গঠন করে বিরোধী দলের আন্দোলনকে দমানো যাবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ঈদের পর বৃহত্তর আন্দোলনে নামবে। সরকার দুর্নীতিতে ‘আকণ্ঠ’ ডুবে গেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, তার দল আগামীতে ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিচার করা হবে।’ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম দোলন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩০২ ঘ.