রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত না হলেও দু’পক্ষই এখন মুখোমুখি অবস্থানে।
রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিনোদপুর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা যায়।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ক্যাম্পাসের পাশের বিনোদপুর বাজারে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিনোদপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। ওই অনুষ্ঠানে চেয়ারে (আসনে) বসাকে কেন্দ্র করে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার কর্মী আহত হন।
ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকের সমর্থক দেলোয়ার হোসেন ও সামিউল ইসলামের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্রদল কর্মী স্থানীয় বিএনপির কিছু সংখ্যক কর্মীকে নিয়ে রাত ১০ টার দিকে বিনোদপুর বাজারে শোডাউন করে।
খবর পেয়ে যুগ্ম আহ্বায়কের সমর্থক পারভেজ আহমেদ ও ফরিদ হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী হাসুয়া, লাঠিসোটা, রামদা ও হকিস্টিক নিয়ে তাদেরকে ধাওয়া করে।
পরে আমরা জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছি।
ছাত্রদল কর্মী সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তাদের অবস্থান ধরে রাখতে শোডাউন করছিল। ওই সময় কামরুল সমর্থকরা অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। তারাও প্রতিরোধের চেষ্টা করে।
এদিকে ছাত্রদলের দু’পক্ষের মুখোমুখি অবস্থানে প্রায় আধ ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহ্বায়ক সমর্থিত কর্মীরা স্থানীয় কিছু যুবলীগ কর্মীদের নিয়ে শোডাউন করছিল। খবর পেয়ে আমার কিছু ছেলে গিয়ে তাদেরকে নিষেধ করে।
“যারা আমাদের বিরোধী পক্ষের সঙ্গে আঁতাত করতে পারে তাদের সঙ্গে রাজনীতি করা আমাদের পক্ষে শোভনীয় হবে না। আমরা বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।”
এদিকে আহ্বায়ক আরাফাত রেজা আশিক এ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই মুহূর্তে ঢাকায়। যুবলীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
তিনি দাবি করেন, বুধবারের ঘটনায় বেশ কিছু কর্মীকে বহিষ্কারের সুপারিশ করায় কামরুলের সমর্থকরা উত্তেজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৬ ঘ.
bdnews24