২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী নির্দলীয় সরকার বললেই শান্তি’

প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন, সেটি ‘নির্দলীয়’ হলেই ‘সব সমস্যার সমাধান’ হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন, সেটি ‘নির্দলীয়’ হলেই ‘সব সমস্যার সমাধান’ হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্ন্তর্বতীকালীন সরকারের কথা বলে তার অবস্থান থেকে সরে এসেছেন। একটা সময়ে তিনি আরো সরে এসে দাবি মেনে নিতে বাধ্য হবেন।” “প্রধানমন্ত্রী যদি বলেন নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার, তাহলেই সকল সমস্যার সমাধান হবে। দেশে শান্তি নেমে আসবে”, যোগ করেন মওদুদ। সম্প্রতি লন্ডনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “নির্বাচনের সময় সরকার গঠনে তারা (বিরোধী দল) যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি। সবাই মিলে আমরা (নির্বাচন) করতে পারি। তখন একটা ছোট মন্ত্রিসভা করে ইলেকশন করতে পারি।” এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ইতোমধ্যে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই সমাবেশের আয়োজন করে। মওদুদ বলেন, যতোদিন সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করা হবে, ততোদিন বিএনপির আন্দোলন চলবে। ‘মিথ্যা’ মামলায় ‘শুনানি ছাড়াই’ বিচারক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে অভিযোগ করে মওদুদ বলেন, “চার্জ গঠন সম্পূর্ণ বেআইনি ও আইন পরিপন্থীভাবে করা হয়েছে। শুধু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এই চার্জ গঠন।” সরকারের ‘প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের’ কারণে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও তিনি অভিযেগ করেন। “বিচারকরা মুক্তমনে বিচার করতে পারছেন না। তাদের প্রভাবিত করা হচ্ছে। সুবিচার বলতে এখন কিছু নেই। আমাদের আন্দোলন চলবে। মামলা হামলা করে আন্দোলন ব্যহত করা যাবে না। বরং এতে আন্দোলন আরো জোরদার হবে।” বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ থেকে আগামী সোমবার সারা দেশের জেলা বারগুলোতে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭২০ ঘ.