২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলিতদের অধিকার রক্ষায় আইন করার দাবি

দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছেন একটি আলোচনা সভার বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 08:42 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছেন একটি আলোচনা সভার বক্তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ দলিত বিপন্নতা: সামাজিক ন্যায় বিচার ও আইনের স্বরূপ সন্ধান’ শীর্ষক সেমিনারে এই দাবি জানানো হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, “দলিত জনগোষ্ঠী প্রান্তিকতার সর্বনিু স্তরে অবস্থান করছে। সামাজিক বাঁধা ও বৈষম্য তাদের জীবনকে বিপন্ন করে তুলছে।” ‘বঞ্চিত’ এই জনগোষ্ঠীর অধিকার আদায়ে আইন প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, তাদের অধিকার আদায়ে সামাজিক আন্দোলনও অব্যাহত রাখতে হবে। বিদ্যমান সমাজ কাঠামোয় ‘আমুল’ পরিবর্তন আনতে পারলেই দলিতদের অধিকার আদায়ে একটি জনবান্ধব আইন প্রণয়ন করা যাবে বলেও মনে করেন তিনি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “দলিতদের অধিকার আদায়ে আইন প্রণয়নের পাশাপাশি রাজনৈতিক স্বদিচ্ছা এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে।” বিভিন্ন সময় সরকারের বক্তব্যের মধ্য দিয়ে দলিত শ্রেণীর ‘বঞ্চনার’ বিষয়টি স্বীকৃতি পেলেও তাদের অধিকারের স্বীকৃতি মেলেনি বলে অভিযোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও দলিতদের জন্য আইন করার পক্ষে অবস্থান জানান। চলতি অর্থ বছরের বাজেটে প্রথমবারের মতো দলিতদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত নারী ফাউন্ডেশন আয়োজিত ওই সেমিনারে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ৫৫ লাখ দলিত শ্রেণীর মানুষ রয়েছে। সেমিনারে অন্যদের মধ্যে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৪২৭ ঘ.