ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুদ্ধদ্বার আদালতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এক সাক্ষীর সাক্ষ্য পুনরায় নিতে প্রসিউকিশন বিভাগের আবেদনে সাড়া দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার আসামি পক্ষের অনুপস্থিতিতে আদালতের এই আদেশ হয়েছে। তবে আদালত আসামি পক্ষকে এই আবেদনের বিষয়টি জানাতে ব্যর্থতার জন্য প্রসিকিউটর জেয়াদ আল মালুমের সমালোচনাও করেছেন।
চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদেরের এলাকার বাসিন্দা এই সাক্ষীর নাম পরাগ ধর। আগামী ৭ অগাস্ট রুদ্ধদ্বার আদালতে তার আরো সাক্ষ্য নেওয়া হবে।
আদালতের আদেশে বলা হয়, ৭ অগাস্ট পরাগ ধরের সাক্ষ্য নেওয়ার সময় বিচারক ও আইনজীবী ছাড়া অন্য কেউ থাকবেন না। আইনজীবীদের মধ্যে থাকবেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং জেয়াদ আল মালুমসহ দুজন প্রসিকিউটর, আসামি পক্ষে আহসানুল হকসহ দুজন কৌঁসুলি।
পরাগ ধরের সাক্ষ্য পুনরায় নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে জেয়াদ আল মালুম আদালতে বলেন, পরাগ ধর তদন্ত কর্মকর্তাকে দেওয়ার তার বক্তব্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বলেছেন, কিন্তু আদালতে সাক্ষ্যে তা উঠে আসেনি।
আদালত আদেশের সঙ্গে পর্যবেক্ষণে বলেছে, বিধান অনুযায়ী প্রসিকিউশন বিভাগের আবেদনের অনুলিপি আসামি পক্ষের পাওয়ার কথা থাকলেও এই ক্ষেত্রে তা হয়নি।
এই মামলার শুনানির ধার্য দিনে যে আসামি পক্ষ এই নিয়ে আপত্তি তুলতে পারে, তাও বলেছে আদালত।
এই আবেদনের শুনানির শুরুতেই জেয়াদ আল মালুমের কাছে আদালত জানতে চায়, আসামি পক্ষ এই আবেদনের বিষরয় জানে কি না।
তখন প্রসিকিউটর জানান, তিনি আসামি পক্ষের কৌঁসুলিদের খুঁজে পাননি।
সালাউদ্দিন কাদেরের প্রধান কৌঁসুলি আহসানুল হক চট্টগ্রামে অবস্থান করলেও দুজন কৌঁসুলি সুপ্রিম কোর্টেই কাজ করেন জানিয়ে বিচারক প্রসিকিউটরের উদ্দেশে বলেন, এখন থেকে সবার ফোন নম্বর সংগ্রহে রাখবেন।
“আমার কাছে সবার ফোন নম্বরই রয়েছে, শুধু তাদেরগুলো ছাড়া,” বলেন জেয়াদ আল মালুম।
শুনানির শুরুতেই জেয়াদ আল মালুমের দেরিতে হাজির হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/২২০৩ ঘ.
bdnews24