ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের সম্মানে গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে যাবেন না বিএনপি নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ বিরোধী দলীয় নেতা গত ২৩ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্যদের ইফতারে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা কেউ আসেননি।”
“তারা সেদিন এলে আমরাও আজ যেতাম।”
রাজনীতিবিদদের সম্মানে বুধবার গণভবনে এই ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেওয়ার জন্য গত ২৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
এর আগে গত ১৮ জুলাই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ইফতার মাহফিলে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের সভাপতিম-লীর সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিল বিএনপি।
জাতীয় সংসদের এলডি ভবন প্রাঙ্গণে ওই ইফতারে আওয়ামী লীগের কেউই যাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫২৫ ঘ.
bdnews24