ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ অভিযোগ গঠন করে নির্দলীয় সরকারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “নির্দলীয় সরকারের আন্দোলন এখন গণদাবিতে পরিণত হয়েছে। মিথ্যা মামলার অভিযোগ গঠন ও বিচার শুরু করে জনগণের এই আন্দোলন থেকে বিএনপিকে বিরত রাখা যাবে না। দলের সব নেতাকে গ্রেপ্তার করলেও এ আন্দোলন থামবে না।”
নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর ‘দুর্বার’ আন্দোলন গড়ে তোলা হবে বলেও সরকারকে হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।
হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় মির্জা ফখরুলসহ বিরোধী দলীয় জোটের ৪৬ শীর্ষ নেতার বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করে ঢাকার দ্রুত বিচার আদালত। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৭ অগাস্ট দিন ধার্য করা হয়েছে।
একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির দিন আদালতে উপস্থিত না থাকায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ হয়েছে।
ফখরুলসহ মামলার ৩৬ আসামি বর্তমানে জামিনে রয়েছেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “বিরোধী দলের নেতাদের রাজনৈতিক কর্মকা- ও আগামী নির্বাচন থেকে বিরত রাখতেই সরকার নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখন তারা অভিযোগ গঠন করে বিচার শুরু করেছে। এ থেকে বোঝা যায়, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটুকু দেউলিয়া হয়ে গেছে। সাজানো ও মিথ্যা মামলা দায়েরের এই উদ্যোগ কখনো শুভ ফল বয়ে আনবে না।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে থাকা সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ সারাদেশে ‘হাজার হাজার’ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।
নির্বাচনের আগে অন্তর্র্বতীকালীন সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে ‘অস্বচ্ছ’ আখ্যায়িত করে ফখরুল বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে।”
“তবে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকার হবে- এটা নীতিগতভাবে মনে নিলে সরকারের সঙ্গে আলোচনা হতেও পারে”, বলেন তিনি।
সম্প্রতি লন্ডনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “নির্বাচনের সময় সরকার গঠনে তারা (বিরোধী দল) যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি। সবাই মিলে আমরা (নির্বাচন) করতে পারি। তখন একটা ছোট মন্ত্রিসভা করে ইলেকশন করতে পারি।”
এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ারও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রী এই ধরনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনকালীন সময়ে ছোট আকারে একটি অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভা থাকবে। ওই মন্ত্রিসভায় কারা কারা থাকবেন, তা তিনি স্পষ্ট করে কিছুই বলেননি।”
বিএনপির অবস্থান ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “অন্তর্র্বতীকালীন সরকার অবশ্যই নির্দলীয় ব্যক্তিদের নিয়ে হতে হবে। কোনো দলীয় ব্যক্তি দিয়ে নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন সরকার হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বিএনপিও তা গ্রহণ করবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৫০ ঘ.
bdnews24