২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রস্তাব বিভ্রান্ত করার কৌশল: মওদুদ

এ মন্তব্য করে মওদুদ আহমদ আরো বলেছেন, বিএনপির কাছে প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্ন্তর্বতী সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবকে জনগণকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে আখ্যায়িত করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, বিএনপির কাছে দলীয় সরকারের অবয়বে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার রাজধানী ইস্কাটনের লেডিস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। লন্ডনে বিবিসির বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। এ বিষয়ে বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “১৯৯৪ সালে তৎকালীন রাজনৈতিক সংকট নিরসনে কমনওয়েল মহাসচিবের বিশেষ দূত স্যার স্টিফেন নিনিয়ান এই ধরনের একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেসময় তা প্রত্যাখান করে বলেছিলেন, এতে নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হবে না। “আজ ওরকম প্রস্তাবই প্রধানমন্ত্রী দিয়েছেন, যা বিএনপিসহ ১৮ দলীয় জোটের কাছে গ্রহণযোগ্য নয়।” নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি ও ১৮ দলীয় জোট কোনো দলীয় সরকার কিংবা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্ন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলেও জানান এই সাবেক আইনমন্ত্রী। গণতান্ত্রিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মওদুদ বলেন, “যতক্ষণ পর্যন্ত সরকার সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়টি সংযোজন না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।” আলোচনা সভায় অন্যদের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি সাহাদাত হোসেন সেলিম, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯৫৩ ঘ.