দিনাজপুর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলায় দিনাজপুরে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দিনাজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. গাজী রহমান এ রায় দেন।
দণ্ডিত আফজাল হোসেন পলাতক। তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
খালাসপ্রাপ্তরা হলেন- বগুড়ার কসবার রাজু, রংপুরের বদরগঞ্জের আবু রাজিন আব্দুল মতিন, দিনাজপুর সদর উপজেলার তোজাম্মেল হোসেন ওরফে তোজা, খানপুর এলাকার নজরুল ইসলাম, শিকদারহাট এলাকার রশিদ বিন মকবুল, রামনগর এলাকার আমিনুল ইসলাম ও বোচাগঞ্জ উপজেলার রায়হানুর রহমান।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাসান ইমাম নয়ন জানান, ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার দিন বেলা ১১ টায় দিনাজপুর শহরের ১০টি স্থানে ১২টি বোমা বিস্ফোরিত হয়।
এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।
তদন্ত শেষে একই বছরের ৮ নভেম্বর আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি।
মামলায় ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭০৫ ঘ.
bdnews24