২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের বিচার শুরুর আদেশ

হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আসামিপক্ষের তুমুল হইচই ও বাগবিতণ্ডার মধ্যে ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম মো. হারুন-অর-রশিদ মঙ্গলবার বিরোধী দলের এই নেতাদের বিচার শুরুর আদেশ দেন। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৭ অগাস্ট দিন রেখেছেন তিনি। অভিযোগ গঠনের শুনানির দিন আদালতে উপস্থিত না থাকায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ হয়েছে। এই তিনজনের পক্ষে তাদের আইনজীবীরা সময়ের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে হরতালের সময় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই তেজগাঁও থানায় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ। এরপর গত ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। এদিকে একতরফাভাবে অভিযোগ গঠন করা হয়েছে- এমন অভিযোগ তুলে আদালত প্রাঙ্গণে মিছিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় আদালতের ফটকে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার ৪৬ আসামির মধ্যে বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জামিনে থাকা ৩৬ জন সকালেই আদালতে হাজির হন। আসামিদের মধ্যে ১ জন পলাতক ও ৪ জন কারাগারে রয়েছেন। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবেদনে বলেন, গেজেট নোটিফিকেশন না করেই এ আদালত গঠিত হওয়ায় এ আদালত মামলা শোনার উপযুক্ত নয়। এ বিষয়ে তারা হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠন মুলতবি রাখার আবেদন জাানন তিনি। মহানগর দ্রুত বিচার হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ আবেদনটি শুনে তা খারিজ করে দিলে নতুন করে সময়ের আবেদন করেন খন্দকার মাহবুব। এবার তিনি বলেন, দ্রুত বিচার হাকিম তাদের আবেদন নাকচ করে যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে হাই কোর্টে যাবেন তারা। এ কারণে অভিযোগ গঠন মুলতবি রাখা প্রয়োজন। এ পর্যায়ে হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ নিজে এই সময়ের আবেদনটি না শুনে তা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে দেন। সেখান থেকে শুনানির জন্য আবেদনটি ওঠে মহানগর দ্রুত বিচার হাকিম মো. হারুন-অর-রশিদের আদালতে। তিনিই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪২০ ঘ.