২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মামলায় বিএনপি নেতাদের সময়ের আবেদন

হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে সময়ের আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে সময়ের আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিন মহানগর দ্রুত বিচার হাকিম মোহাম্মদ এরফান উল্লাহর আদালতে এ মামলার ৪৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমের পক্ষে আইনজীবীরা সময়ের আবেদন করেন। তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আবেদনে বলেন, গেজেট নোটিফিকেশন না করেই এ আদালত গঠিত হওয়ায় এ আদালত মামলা শোনার উপযুক্ত নয়। এ বিষয়ে তারা হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠন মুলতবি রাখার আবেদন জাানন তিনি। বিচারক আবেদনটি শুনে তা নাকচ করে দিলে নতুন করে সময়ের আবেদন করেন খন্দকার মাহবুব। এবার তিনি বলেন, দ্রুত বিচার হাকিম তাদের আবেদন নাকচ করে যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে হাই কোর্টে যাবেন তারা। এ কারণে অভিযোগ গঠন মুলতবি রাখা প্রয়োজন। এ পর্যায়ে হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ নিজে এই সময়ের আবেদনটি না শুনে তা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে পাঠিয়ে দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার ৪৬ আসামির মধ্যে বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জামিনে থাকা ৩৬ জন সকালেই আদালতে হাজির হন। আসামিদের মধ্যে ১ জন পলাতক ও ৪ জন কারাগারে রয়েছেন। এছাড়া তিনজন সময় চেয়ে আবেদন করেছেন। এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে বিএনপির ডাকে হরতালের সময় গত ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই তেজগাঁও থানায় বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করে পুলিশ। এরপর গত ১০ মে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলাটিতে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২৭ মে ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামি করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১২২৫ ঘ.