২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়-ব্যয়ের হিসাব দেয়নি বড় দলগুলো

৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও জমা দিয়েছে মাত্র ১০টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র একদিন সময় থাকলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পর্টিসহ নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল এখনো তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি। প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা। ৩০ জুলাই পর্যন্ত ১০টি রাজনৈতিক দল তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। হিসাব জমা দেওয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের বিপ্ল¬বী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জামায়াতে ইসলামী ও গণফোরাম। সোমবার পর্যন্ত শুধু জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় চেয়ে ইসিতে আবেদন করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব দল আয়-ব্যয়ের হিসাব জমা দেবে না তাদের শিগগিরই হিসাব জমা দিতে চিঠি দেওয়া হবে। যেসব দল সময় মত হিসাব দেবে না তাদের বিষয়ে কমিশনের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে কিনা জানতে এই কমিশনার বলেন, রাজনৈতিক দলের হিসাব প্রকাশ করতে হবে আইনে এমন কথা নেই। স্বচ্ছতার অর্থও এই নয় যে সবকিছু প্রকাশ করতে হবে। “তবে জমা দেওয়া হিসাব যাচাই করে দেখা হবে। কোথাও অসঙ্গতি পেলে সংশ্লিষ্ট দলের কাছে সে বিষয়ে জানতে চাইব,” যোগ করেন তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯০ (জি) ধারা মোতাবেক, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত মেনে চলার বিষয়ে সময়ে সময়ে ইসিকে অবহিতকরণের কথা বলা আছে। এছাড়া আইনের ৯০ (এইচ) ধারায় বলা আছে, “কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে তথ্য প্রদানে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৫৯ ঘ.