ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকার ঘোষণা দিলেও আদৌ এ সেতু হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় তিনি বলেন, “সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতু নিয়েই ব্যস্ত আছে। যুদ্ধাপরাধীদের বিচার কত দিনে শেষ হবে তা নিয়ে সন্দেহ আছে। আর পদ্মা সেতু নিয়ে তো সবারই সন্দেহ আছে।”
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়।
দাতা সংস্থা অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। মন্ত্রিপরিষদেও নিজস্ব অর্থায়নে যতো দ্রুত সম্ভব এ সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়।
সরকারের এই ঘোষণার পরেও বিশ্ব ব্যাংক বলছে, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়টি এখনো বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে সরকার দুটি ব্যাংক অ্যাকউন্ট খুলে এ সেতু নির্মাণে তহবিল সংগ্রহ করছে।
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার ও আলোচনা সভার দলের চেয়ারম্যান বলেন, “তারা (আওয়ামী লীগ) আবার ক্ষমতায় যাওয়া নিয়ে চিন্তায় আছে। আল্লার কথা তারা চিন্তা করে না। আল্লাহ রাসুল ও কোরআনের কথা স্মরণ করতে হবে। নইলে ধ্বংস হতে হবে।”
গাজীপুরের কাপাসিয়ার উপ-নির্বাচন, রংপুর সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এরশাদ।
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৫৩ ঘ.
bdnews24