চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিতে এসে র্যাব হেফাজতে নির্যাতনের বর্ণনা করলেন সার্জেন্ট হেলাল উদ্দিন, যিনি অস্ত্র খালাসের ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী।
রোববার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তিনি জবাববন্দি দেওয়া শুরু করেন হেলাল।
একঘণ্টা হেলালের বক্তব্য রেকর্ডের পর বিচারক সোমবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ দেন। ওইদিন তার অসমাপ্ত বক্তব্য নেওয়া হবে।
হেলাল ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের সময় চট্টগ্রামের কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালের ২ অগাস্ট তিনি ঢাকার সদরঘাট পুলিশ ফাঁড়িতে বদলি হন।
সাক্ষ্যে হেলাল বলেন, ২০০৫ সালের ১৯ অগাস্ট ঢাকার বাংলামোটরে দায়িত্ব পালনকালে বেতার মারফতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে ডেকে নিয়ে র্যাব সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
“ঢাকার র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে লে. কর্নেল গুলজার পরিচয় দেওয়া এক ব্যক্তি ১০ ট্রাক অস্ত্র খালাস এবং এ সম্পর্কিত অনেক তথ্য জানতে চান। পরে অপর সার্জেন্ট আলাউদ্দিনকেও আমার সামনে হাজির করা হয়।”
পরবর্তীতে তাদের দুইজনকে ঢাকা থেকে চট্টগ্রামে র্যাব-৭ কার্যালয়ে পাঠানো হয়।
তিনি বলেন, “চট্টগ্রামে পৌঁছানোর পর র্যাব-৭ এর অধিনায়কের কক্ষে আমাকে ডেকে পাঠানো হয়। ঢুকতেই সার্জেন্ট হেলাল পরিচয় দেওয়ার পর অধিনায়ক আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেন এবং লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এতে আমার বাম পা ভেঙে যায়।”
জবানবন্দি দেওয়ার একপর্যায়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো সার্জেন্ট হেলাল উদ্দিন কেঁেদ ফেলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীদের হাসতে দেখা যায়।
হেলাল বলেন, “আমাকে মারধরের সময় র্যাব-৭ এর অধিনায়কের কাছে আমার অপরাধ কি জানতে চাইলে বলেন- তোর জন্য দেশের এই অবস্থা। জবাবে স্যারকে বলি আমি কর্তৃপক্ষের আদেশ পালন করেছি মাত্র।”
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের বিষয়টি হেলাল এবং অপর সার্জেন্ট আলাউদ্দিন প্রথম দেখেছিলেন।
হেলাল জানান, র্যাব কার্যালয়ে মারধরের পর নোয়াখালীর সুধারাম থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ও আলাউদ্দিনকে সংশ্লিষ্ট কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তবে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে খালাস পেয়ে তারা পুনরায় কর্মস্থলে যোগ দেন।
চাঞ্চল্যকর এ মামলার অধিকতর তদন্তকালে দুই সার্জেন্টকে জিজ্ঞসাবাদ করে তদন্ত সংস্থা সিআইডি’র কর্মকর্তারা। তারা দু’জনই জানিয়েছেন, এনএসআই’র সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন অস্ত্র খালাসের সময় উপস্থিত ছিলেন।
এদিকে, হেলালের সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিপক্ষের এক আইনজীবী তাকে পুনরায় সাক্ষ্য নেওয়ার বিষয়ে আপত্তি জানান। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য গ্রহণ শেষে আদালত সার্জেন্ট হেলালের বক্তব্য রেকর্ড শুরু করেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪৮ ঘ.
bdnews24