২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের গাড়ি পোড়ানোর মামলায় স্থগিতাদেশ চেয়ে রিট

বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলায় স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে একটি রিট করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলায় স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে একটি রিট করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রিটে ঢাকার দ্রুত বিচার আদালত-৭ এর বিচারকের এখতিয়ারও চ্যালেঞ্জ করা হয়েছে, যে আদালতে মামলাটি বিচারাধীন। রোববার দুপুরে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। গাড়ি পোড়ানোর অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে তেজাগাঁও থানায় গত গত ২৯ এপ্রিল মামলাটি দায়ের করা হয়েছিল। মাহবুব উদ্দিন রিটে রুল জারির আবেদন জানানোর পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়েছেন। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা, ঢাকা মহানগরের দ্রুত বিচার আদালত-৭ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহকে এই রিটে বিবাদী করা হয়েছে। গেজেট জারির পরিবর্তে গত ৯ মে মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর বিবাদীর বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দ্রুত বিচার আদালত-৭ গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুলে জারির আর্জি জানানো হয়েছে রিটে। একই সঙ্গে মামলার চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে। মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনে আদালত গঠন এবং এখতিয়ার নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য থাকলেও ঢাকা মেট্রোপলিটন হাকিম নিজেই আদেশ দিয়ে ওই আদালত গঠন করেছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২০১৬ ঘ.