চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মোহাম্মদ হোসাইনুল করিম (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র হোসাইনের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। চট্টগ্রামের এমইএস কলেজের সামনের ভূঁইয়া গলিতে খালার বাসায় থেকে সে পড়াশোনা করতো।
ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে জুমার নামাজ শেষে হিজবুত তাহরীর প্রচারপত্র বিলি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।”
এ সময় তার কাছ থেকে ২৫-৩০টি প্রচারপত্রও জব্দ করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭২২ ঘ.
bdnews24