ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ থেকে পালিয়ে যাওয়া আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত সংস্থার সদস্য সানাউল হক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ, অপহরণ, দেশত্যাগে বাধ্য করা ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।”
একাত্তরে বাচ্চু রাজাকার নামে পরিচিত আবুল কালাম আযাদের বিরুদ্ধে গত ৩ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর একদিন আগে তিনি দেশ থেকে পালিয়ে যান বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
কর্মকর্তারা বলছেন, নেপাল হয়ে তিনি পাকিস্তানে পালিয়ে গেছেন।
আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সানাউল হক সাংবাদিকদের বলেন, “একাত্তরে এই দুইজনকে একসঙ্গে ফরিদপুর স্টেডিয়াম ও সার্কিট হাউসে দেখা যায়। আর ওই দুটি জায়গায় তখন মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।”
তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন বলেন, আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১০টি অভিযোগ আনা হতে পারে।
যার বিরুদ্ধে অভিযোগ, তিনি পালিয়ে থাকলে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কোনো প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেন সানাউল হক।
তিনি বলেন, “তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে।”
টেলিভিশনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আযাদের অংশ গ্রহণের বিষয়টি উল্লেখ করে সানাউল হক বলেন, “এ ধরনের একজন মানুষ এমন ঘৃণ্য অপরাধ করতে পারেন তা প্রথমদিকে বোঝা যায়নি।”
“তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে তার জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে। ধর্ষণ ও হত্যার মতো অপরাধে তিনি সরাসরি জড়িত ছিলেন। আমাদের কাছে ভয়াবহ সব তথ্য আছে।”
তদন্ত কর্মকর্তারা বলেন, একাত্তরে আযাদ যে অন্তত ১৪ জন ব্যক্তিকে হত্যা করেছেন- তার প্রমাণ তারা পেয়েছেন। এছাড়া তিন জনকে ধর্ষণ এবং নয় জনকে অপহরণের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
তদন্ত সংস্থা বলেছে, ‘বাচ্চু রাজাকার’ একাত্তরে অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ, ১৫টি বাড়িতে লুটপাট এবং অন্তত নয়জনকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন।
সানাউল হক বলেন, বাচ্চু রাজাকার প্রথমদিকে ফরিদপুরের তিনটি ইউনিয়নে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালান। পাকিস্তানি সৈন্যদের আস্থায় আসার পর তিনি সক্রিয় হন ফরিদপুর শহরেও।
“শ্বশুর চাঁদ গাজী, যিনি নিজেও একজন রাজারকার সদস্য ছিলেন, তার সঙ্গে মিলে হত্য ও নির্যাতন চালান বাচ্চু রাজাকার।”
জামায়াতে ইসলামী সদস্য না হলেও বাচ্চু রাজাকার জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।
তদন্ত সংস্থা ২০১১ সালের ১০ এপ্রিল আযাদের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে। এ বিষয়ে তৈরি করা ৩৮৪ পৃষ্ঠার প্রতিবেদন বৃহস্পতিবারই প্রসিকিউশনকে দেওয়া হবে বলে তদন্ত দলের সদস্যরা জানান।
বাচ্চু রাজাকারকে ফিরিয়ে আনা প্রসঙ্গে কর্মকর্তারা বলেন, প্রয়োজনে তার জন্য রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলের কাছে যাওয়া হতে পারে।
অবশ্য সানাউল হক বলেন, “সরকার দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে এটা করতে পারে।”
গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে প্রসিকিউটর হায়দার আলী বলেছিলেন, ‘বাচ্চু রাজাকার’ এলাকায় খুব প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার পাঁচটি এনজিও রয়েছে। ওয়াজ-নসিহতের মাধ্যমে মানুষকে বশে আনার ক্ষেত্রে তার রয়েছে ‘সম্মোহনী শক্তি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৬১০ ঘ.
bdnews24