২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি শুরু

হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিরোধী দলের ২৯ নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করা হবে কিনা- সে বিষয়ে আদালতে শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিরোধী দলের ২৯ নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করা হবে কিনা- সে বিষয়ে আদালতে শুনানি শুরু হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক বৃহস্পতিবার সকালে আংশিক শুনানি করে আগামী ২৬ অগাস্ট শুনানির নতুন দিন রেখেছেন। আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অভিযুক্ত ২৮ জন আদালতে উপস্থিত ছিলেন। কেবল বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অসুস্থতার কারণে আসতে পারেননি। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ। পুলিশ গত ৩১ মে মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আসামিপক্ষের আইনজীবী জানান, এ মামলার হাই কোর্টের জামিনে থাকা ১০ জন এদিন এ আদালতে হাজির হয়ে নতুন করে জামিন নিয়েছেন। এই ১০জন হলেন- লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম, কামরুজ্জামান দুলাল, মুরতাজুল করিম বাবুল, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার, নিলুফার ইয়াসমীন মনি। অভিযোগপত্রে বলা হয়, আতঙ্ক সৃষ্টি, সরকারি গুরুত্ব¡পূর্ণ স্থাপনার ক্ষতিসাধন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাতের জন্য দুই যুবক মোটরসাইকেলে করে সচিবালয়ে গিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, প্ররোচনা, উস্কানি ও আর্থিক সহযোগিতায় এ হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৪১০ ঘ.