ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর ১০ মাসের টানাপোড়েন শেষে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন সৈয়দ আবুল হোসেন।
সোমবার তিনি পদত্যাগপত্র দেন বলে সরকারের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
এদিন মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবুল হোসেন। সকালে নিজের বাসা থেকে তিনি পতাকাবিহীন গাড়ি নিয়েই বের হন বলে মন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল হাসান জানিয়েছেন।
সরকারের ওই সূত্র বলেছে, পদ্মা প্রকল্প নিয়ে দুর্নীতির তদন্ত চলাকালে দায়িত্বপূর্ণ পদে না থাকার ইচ্ছা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আবুল হোসেন।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনও তদন্ত করছে। এই তদন্তে ইতোপূর্বে আবুল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
গত সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংক অভিযোগ তোলার পর থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করে আসছেন তখনকার যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।
বিশ্ব ব্যাংকের অভিযোগের মধ্যেই ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়। তাকে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
তবে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে।
এই সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সংস্থাটির যুক্তি ছিল, দুর্নীতির অভিযোগ ওঠার পর দায়িত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিতদের মধ্যে যাদের নাম এসেছে, তদন্তের পুরো সময় ছুটিতে পাঠাতে বলা হলেও সরকার তা মানেনি।
এরপর সরকারের পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি আবুল হোসেনও কয়েকদিন আগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্য উপস্থাপন করেন।
এর মধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি গোল্ডস্টেইনের (অ্যালেন) দেওয়া চারটি প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়ায় একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়।”
চতুর্থ শর্তটিই ছিল- তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তি অর্থাৎ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ছুটি দেওয়া।
সোমবার সকাল থেকে আবুল হোসেনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যেই মন্ত্রিসভা বৈঠকে তাকে অনুপস্থিত দেখা যায়।
তবে এই বিষয়ে যোগাযোগের জন্য তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা দুপুরে সাংবাদিকদের বলেন, তার বিভাগে তখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র পৌঁছেনি।
মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত হতে না পারলে আগে থেকেই মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুপস্থিতির বিষয়ে আবুল হোসেন তাদের কিছু জানাননি।
তার বাড়িতে গেলে সেখানে কর্তব্যরত কনস্টেবল হাসান সাংবাদিকদের বলেন, “মন্ত্রী মহোদয় সকালে ফ্ল্যাগ ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন।”
বাড়িতে তখন মন্ত্রীর স্ত্রী ছিলেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি বলে হাসান জানান।
২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা সরকার গঠন করলে তাতে স্থান হয় সৈয়দ আবুল হোসেনের। মাদারীপুরের এই সংসদ সদস্য শেখ হাসিনার গত সরকারে প্রতিমন্ত্রী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচএ/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24