২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাইবুনালে লোকবল বাড়লেই আরো মামলা’

যুদ্ধাপরাধ ট্রাইবুনালের লোকবল বৃদ্ধি পেলে শেরপুর-জামালপুরে ’৭১ এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো যাচাই বাছাই করে নতুন মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

শেরপুর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইবুনালের লোকবল বৃদ্ধি পেলে শেরপুর-জামালপুরে ’৭১ এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো যাচাই বাছাই করে নতুন মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান। শনিবার শেরপুর সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের হান্নান খান জানান, এসব এলাকায় ২০০৯-১০ সালে যে মামলাগুলো হয়েছে তা যাচাই বাছাই করে কিছু নতুন মামলা নেওয়া হবে। “সরকারের কাছে ট্রাইব্যুনালের লোকবল বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তা পাস হলেই নতুন মামলায় চিহ্নিত কিছু অভিযুক্ত ব্যক্তিকে এই আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি। বর্তমান দুটি ট্রাইব্যুনালে আটটি মামলার বিচার চলছে। তার মধ্যে একটি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শেরপুরের বাসিন্দা এম কামারুজ্জামানের বিরুদ্ধে। এই মামলায় এক সাক্ষীর অত্যন্ত ‘ভাল ও সুস্পষ্ট’ সাক্ষ্য পাওয়া গেছে জানিয়ে হান্নান বলেন, “সাক্ষীদের খোঁজ-খবর নেওয়ার জন্য এবং নতুন মামলাগুলোর ব্যাপারে জানার জন্যই আমার শেরপুরে আসা।” মতবিনিময় সভায় শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. লিয়াকত আলী, সদর ইউনিট কমান্ডার মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৮২৭ ঘ.