২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ, তারেক সাধারণ সম্পাদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৫তম সম্মেলনের মধ্য দিয়ে এস এম শুভ ও হাসান তারেক সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৫তম সম্মেলনের মধ্য দিয়ে এস এম শুভ ও হাসান তারেক সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মঞ্জুর মঈন সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের ৪১ সদস্যের নতুন কমিটি এ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত হয় বলে ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিন দিনের সম্মেলন শেষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে প্রতিনিধিরা নতুন এ কমিটির সদস্যদের নির্বাচন করেন। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র ইউনিয়নের ৩৫তম সম্মেলনের উদ্বোধন হয়। পরে বুধ ও বৃহস্পতিবার হয় কাউন্সিল অধিবেশন। অধিবেশনে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারশ’র বেশি প্রতিনিধি-পর্যবেক্ষক অংশ নেন। কাউন্সিল অধিবেশনে তিনটি প্রতিবেদন ও তিনটি প্রস্তাব আলোচনা শেষে গৃহীত হয়। নির্বাচনী অধিবেশন শেষে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল। শপথ শেষে টিএসসিতে শহীদ রাজুর বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের নবনির্বাচিত নেতারা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নামে এই ছাত্র সংগঠনের যাত্রা শুরু হয়। এরপর ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে এই সংগঠনের নেতা-কর্মীরা। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর থেকে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখে ছাত্র ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/সিএস/২০২৩ ঘ.