রাজবাড়ী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়াগামী একটি ট্রেন থেকে শুক্রবার জেহাদি বই ও লিফলেটসহ হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন কুষ্টিয়ার গোয়ালদহ গ্রামের হারুন-অর রশীদের ছেলে সামছুল এবং রাজশাহীর চারঘাটের ডালিপাড়া গ্রামের প্রয়াত আমজাদ হোসেনের ছেলে জিনারুল আলম।
তাদের রাজবাড়ী জিআরপি থানায় সোপর্দ করার পর একটি মামলা করা হয়েছে।
জিআরপি থানার ওসি আব্দুল গফুর ফকীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী থেকে দৌলতদিয়া ঘাটগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে জেহাদি বই বিক্রিকালে দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে পাওয়া বইয়ের মধ্যে রয়েছে আল্লার মাজেজা, হিযবুত তাওহীদের বিজয় ঘোষণা, জেহাদ কেতাল ও সন্ত্রাস, হিযবুত তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য।
ওসি আরো বলেন, মামলা করার পর তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হিজবুত তাওহীদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24