সিরাজগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ লোপাটের কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেছে অভিযোগ করে বিএনপি মুখমাত্র ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই লুটপাটের চিত্র প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্বয়ারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “কাজ শুরুর আগেই ৩৫ ভাগ টাকা লুটপাটের কারণে বিশ্ব ব্যাংক ওই প্রকল্পে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে। লুটপাটের সেই চিত্র জনগনের সামনে উপস্থাপন করতে হবে।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। তবে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন বাতিল করে।
গত মাসে বিশ্ব ব্যাংক প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয় সরকার। মন্ত্রিসভায় আরো সিদ্ধান্ত হয়, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এই মুহূর্তে কোনো অনুরোধ জানাবে না সরকার।
নিজস্ব অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “বিশ্ব ব্যাংক সহজ শর্তে ঋণ দিতে চেয়েছিল। সেই ঋণ নেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে পদ্মা সেতু তৈরির নামে আগামী নির্বাচনের অর্থ সংগ্রহের নতুন কৌশল নিয়েছে।”
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সদ্যকারামুক্ত আমিরুল ইসলাম আলীমকে সংবর্ধনা দিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফখরুল বলেন, সরকার প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ওয়াদা করলেও বর্তমানে প্রতিদিন খুন, গুম নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে দমন করা হচ্ছে।
জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু’র সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অস্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৫ ঘ.
bdnews24