ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ এবং নিজস্ব অর্থায়নের নামে সরকারের ‘চাঁদাবাজির’ প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
আগামী ২২ জুলাই এ কর্মসূচি পালন করা হবে বলে মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের এই ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়।
চুক্তি বাতিল হওয়ায় নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে সরকার।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায় রাখতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭২৫ ঘ.
bdnews24