ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য মুহাম্মদ ইউনূসের ‘প্রভাব’ কাজ করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অর্থায়ন বাতিলের জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে দায়ী করে এলেও প্রধানমন্ত্রী প্রথমবারের মতো এ রকমের ইঙ্গিত দিলেন।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শেখ হাসিনা বলেন, “কোনো ব্যক্তি বিশেষের জন্য, কোনো এক ব্যাংকের এমডি পদের জন্য বিশ্ব ব্যাংক টাকা বন্ধ করে দেবে- একথা আমার কানে এসেছিল। অনেকেই আমাকে একথা বলেছিল।”
বয়সসীমা পেরিয়ে যাওয়ায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। পশ্চিমা দুনিয়ার প্রীতিভাজন বলে পরিচিত ইউনূসকে সরিয়ে দিলে প্রকাশ্য ক্ষোভ দেখায় যুক্তরাষ্ট্র। এ ঘটনা দু’দেশের সম্পর্কে ‘প্রভাব’ ফেলতে পারে বলেও হুমকি দেয় তারা।
ইউনূসকে অপসারণের বিষয়টি পশ্চিমা গণমাধ্যমেও ব্যাপক প্রচার পায়। ইকোনমিস্টসহ নানা সংবাদপত্র ও সাময়িকী সরকারের কড়া সমালোচনা করে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি বিশ্ব ব্যাংক করলেও তা প্রত্যাখ্যান করে আসছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের জন্য যে দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছে, তা সরকারের অর্থ।
“যেখানে টাকা খরচ হল- সেখানে কোনো দুর্নীতি হল না। যেখানে একটা টাকাও ছাড় দেওয়া হল না, সেখানে দুর্নীতি হল!” বলেন শেখ হাসিনা।
বিশ্ব ব্যাংকের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “বিশ্ব ব্যাংক একটি বিশেষ কোম্পানিকে কনসালটেন্সি দিতে চেয়েছিল। এটা কেন করল? এটা কি দুর্নীতি নয়?
“বিশ্ব ব্যাংক নিজেও কাজ করবে না, অন্যদের কাজও বন্ধ করে দিয়েছে।”
কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের গ্রেপ্তারকৃত কর্মকর্তাদের ডায়রিতে কয়েকজনের নাম পাওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “ডায়রিতে হাতে লেখা নাম পেয়েছে। এটা কি লিখিয়ে আনা? এর বিশ্বাসযোগ্যতা কতটুকু?”
বিশ্ব ব্যাংক ‘অনেক শক্তিশালী’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “তারা অনেক কিছু করতে পারে। টেকনোলজির অনেক উন্নতি হয়েছে। তারা অনেককে দিয়ে অনেক কিছু বলাতে পারে।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “যেখানে আমার আত্মবিশ্বাস আছে-অন্যায় করিনি। কেন মাথা নিচু করব?”
“তবে, কেউ আমাদের নাম ভাঙিয়ে কিছু করলে, আমরা ছাড়ব না,” যোগ করে তিনি বলেন, “আমরা হালাল খাব, হারাম খাব না।”
বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দিয়েছে। অর্থায়নের রূপরেখাও সংসদে তুলে ধরেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা পদ্মা ব্রিজের কাজ শুরু করব। এবছরের টাকা ইতোমধ্যে ঠিক করে ফেলেছি।
“কত দিনে কোনটা কোনটা করব- তা ঠিক করেছি। যে কোম্পানি কনসালটেন্সি পেতে দুর্নীতি করেছে তারা বাদ। দরকার হলে নতুন করে টেন্ডার হবে।”
“দরকার হলে গায়ে খাটব,” বলেন দৃশ্যত আত্মবিশ্বাসী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি- কারো সঙ্গে দুর্ব্যবহার করবো না। আমরা স্বাধীন দেশ, আমরা সার্বভৌমত্ব রক্ষা করে চলব।”
শেখ হাসিনা আবারো বলেন, তিনি, তার ছোট বোন এবং তাদের পাঁচ সন্তান নিয়ে তাদের পরিবার।
“তাদের নিয়ে কিছু জানলে আমাকে জানাক। আমি আমার ফোন নম্বর দিয়েছি। এরা তো এসে হাওয়া ভবন খুলে বসেনি। আমাদের যা আছে, আমরা তাতেই তৃপ্ত।”
দেশের অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর দেশবাসীর সাড়া পেয়ে দৃশ্যত উজ্জ্বীবিত শেখ হাসিনা বলেন, “মানুষের ভেতর যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। পদ্মা সেতুর জন্য অর্থের জোগান কোনো ব্যাপার নয়।”
‘দুর্নীতির তথ্য ধীরে ধীরে প্রকাশ হবে’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, বিরোধীদলের নীতিনির্ধারকদের ‘দুর্নীতির’ যে তথ্য তার কাছে আছে, তা ধীরে ধীরে প্রকাশ করা হবে। “যে তথ্য আছে, তা আস্তে আস্তে দেব। একটু গুছিয়ে নেই।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “কেউ কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছে। অনেকের দুর্নীতির জন্য সাজাও হয়েছে। জেলও খেটেছেন। আবার, জেনারেল এরশাদের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে এসেছেন।”
বিএনপি’র আরেক নেতা এম কে আনোয়ারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “অনেকের দুর্নীতির জন্য চাকরি গেছে। বঙ্গবন্ধুকে ধরে, তখন বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন, তোফায়েল সাহেব। তাকে ধরে চাকরি ফিরে পান। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা দুর্ভাগ্যজনক।”
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই জরুরি বৈঠকে আগামী ৫ অগাস্ট শেখ কামালের জন্মদিন, সাত অগাস্ট ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ১৭ অগাস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/০০০৫ ঘ.
bdnews24