২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোট কমার আশঙ্কায় পদ্মা সেতুর বিরুদ্ধে বিএনপি’

ভোট কমে যাওয়ার আশঙ্কা থেকে বিএনপি নিজেদের অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মো. নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট কমে যাওয়ার আশঙ্কা থেকে বিএনপি নিজেদের অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মো. নাসিম। পাশাপাশি এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তকে একটি ‘চক্রান্ত’ বলে আখ্যায়িত করেছেন তিনি। সোমবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়িত হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট বাড়বে। এ কারনেই তারা বিরোধিতা করছে। কিন্তু এর ফলে যে তাদের ভোট আরো কমছে, সেটা তারা বুঝতে পারছে না।” ‘শেখ হাসিনার গ্রেপ্তার ও জনঅধিকার হরণ দিবস’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় চাঁদা দাবির মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বমোট ব্যয় ২৯০ কোটি ডলার ধরে পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে চুক্তি করেছিল সরকার। সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের, যদিও দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে তারা প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর মন্ত্রিসভা দেশীয় অর্থে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর রূপরেখাও সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিরোধীদল বিএনপি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের কথা বলে আওয়ামী লীগ আগামী নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করছে- বিএনপির এই অভিযোগের জবাবে নাসিম বলেন, “আমাদের জনসমর্থন রয়েছে। নির্বাচনের জন্য জনগণের অর্থ তছরুপ করার প্রয়োজন কখনো হয়নি, হবেও না।” আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৭৪১ ঘ.