ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ১৫ সাক্ষীর জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, আসামিপক্ষের এই আবেদন পুনর্বিবেচনা করার প্রয়োজন নেই। তারা আদালতে শুনানির সময় বিষয়টি প্রমাণের চেষ্টা করতে পারে।
সাঈদীর বিরুদ্ধে এ মামলায় মোট ২৮ জন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। তাদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া বাকি সবার জেরাও করেন আসামির আইনজীবীরা।
তবে প্রসিকিউশনের আবেদনে বাকি ৪৬ সাক্ষীর মধ্যে ১৫ জনের তদন্তকালীন জবানবন্দিই সাক্ষ্য হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয় ট্রাইব্যুানাল।
সাঈদীর আইনজীবীরা ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন জানালে এর ওপর শুনানি শেষে বৃহস্পতিবার তা নাকচ করে দেন বিচারক।
গত বছরের ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতে নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুন সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং গত বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, অন্তত নয় জনকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24