ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘অপশাসনের’ কথা তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জেলা পর্যায়ের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে দলের রাজনৈতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে আমরা আধিপত্যবাদের চাপের মধ্যে আছি। দেশের পোশাক শিল্প, বস্ত্র শিল্প, হাঁস-মুরগির শিল্প একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাঁস-মুরগির খামার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন ডিম ভারত থেকে আমদানি হচ্ছে।”
“এভাবে সরকার দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করার কাজ করে যাচ্ছে। এ পরিস্থিতিগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে,” বলেন ফখরুল।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি বিশৃঙ্খলা চায় না। শান্তিপূর্ণভাবে জনগণের সমস্যার সমাধান চায়। কিন্তু সরকার তা উপলব্ধি করছে না। নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতি তারা বাতিল করে দিয়েছে। সংসদকে অকার্যকর করেছে। বিচার বিভাগ ও প্রশাসনের দলীয়করণ করে দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে।”
আওয়ামী লীগ গণতন্ত্রের নামে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “প্রশাসন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার দেশের মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে।”
বিএনপির চতুর্থ প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “বিশ্বায়নের বর্তমান সময়ে রাজনীতি করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের সমসাময়িক বিষয়সহ রাষ্ট্রব্যবস্থা পরিচালনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।”
নয়া পল্টনের হোটেল ভিক্টোরিতে বিএনপির রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় ২৮টি জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৭৭ জন নেতা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষক হিসাবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জমান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রশিক্ষণ শেষে বিকালে অংশগ্রহণকারীদের একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে।
ফখরুল জানান, ২০১১ সালের অক্টোবরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করার পর এ পর্যন্ত সারাদেশের ৫০টি জেলার নেতারা প্র্রশিক্ষণ নিয়েছেন।
দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবীর মুরাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৩২৩ ঘ.
bdnews24